Views Bangladesh Logo

২০৩০ বিশ্বকাপের আয়োজক তালিকা থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশগুলোর তালিকা থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি উঠেছে স্পেনে। দেশটির ক্ষমতাসীন বামপন্থী জোটের কয়েকজন সংসদ সদস্য মরক্কোর আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এই দাবি জানিয়েছেন।

২০৩০ বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হবে। এই আসরের প্রধান আয়োজক হিসেবে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের স্মরণে উরুগুয়ে ও আর্জেন্টিনাকে এবং কনমেবলের সদর দপ্তর থাকায় প্যারাগুয়েকে একটি করে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্পেনের পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের তিনটি রাজনৈতিক দলের কয়েকজন ডেপুটি মরক্কোর আয়োজক হওয়ার বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। তারা স্পেন সরকারকে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে মরক্কোকে যৌথ আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন।

একই ধরনের অবস্থান নিয়েছে পর্তুগালের ক্ষমতাসীন লিবরা পার্টিও। দলটি এ বিষয়ে পর্তুগাল সরকার ও দেশটির ফুটবল ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়েছে।

মরক্কোকে বাদ দেওয়ার দাবির পেছনে মূল কারণ হিসেবে দেশটির সঙ্গে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা সীমান্তে সাম্প্রতিক অভিবাসন সংকটকে তুলে ধরা হয়েছে। স্পেনের বামপন্থী জোটের নেতাদের দাবি, মরক্কোর সামাজিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

তাদের মতে, একটি দেশের বিপুলসংখ্যক মানুষ যদি জীবন ঝুঁকিতে ফেলে অন্য দেশে প্রবেশের চেষ্টা করেন, তাহলে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা ও উপযুক্ততা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

অভিবাসন সংকটের ঘটনায় হাজার হাজার মরক্কোর নাগরিক সমুদ্রপথে সেউতা সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় বহু মানুষের প্রাণহানির খবরও পাওয়া যায়।

তবে এখন পর্যন্ত ফিফা বা বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে মরক্কোকে আয়োজক তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ