২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এহছানুল হক মিলন বলেন, “শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।
এ সময় একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এ ছাড়াও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে