২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল ২০২৬ সালে: ইইউইওএম
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউইওএম)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস বলেন, এবারের নির্বাচন নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।
তিনি বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশে এটিই সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে এবং এই প্রক্রিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথ তৈরি করেছে।
ইইউইওএম নির্বাচন প্রক্রিয়া উন্নয়নের জন্য মোট ১৯টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তাদের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক ছিল এবং প্রাথমিক বা চূড়ান্ত ফলাফল নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
পর্যবেক্ষকদের মতে, প্রার্থীরা তুলনামূলকভাবে স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছেন এবং পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক সংলাপও অব্যাহত ছিল। নির্বাচনকালীন অভিযোগ ও সংকটগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ইইউ মিশন ভবিষ্যতে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনী অর্থায়নে জবাবদিহিতা ও আর্থিক স্বচ্ছতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে