Views Bangladesh Logo

সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। পরে বিষয়টি ধরা পড়লে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। তারা বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তাদের খাতা নিয়ে নেওয়া হয়েছে।

অভিভাবকরা জানান, কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তিনি প্রশ্ন তোলেন, এভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলে এর দায় কে নেবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিনহা উচ্চ বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, তারা বারবার জানালেও শিক্ষকরা গুরুত্ব দেননি। পরে দেড় ঘণ্টা পর নতুন প্রশ্ন দেওয়া হয় এবং মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়ানো হয়।

কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় এবং সময় বাড়ানো হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ