Views Bangladesh Logo

‘বিদআত’ উল্লেখ করে মাদারীপুরে কেটে ফেলা হলো ২০০ বছরের পুরোনো বটগাছ

 VB  Desk

ভিবি ডেস্ক

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ কেটে ফেলেছেন স্থানীয় কিছু আলেম। ‘বিদআত’সহ নানা ধর্মীয় কারণ দেখিয়ে সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে গাছ কাটা শুরু করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বটগাছটির ডালপালা ও মূল কাণ্ডের প্রায় ৭৫ শতাংশ কেটে ফেলা হয়।

পুরোনো ও ইতিহাস-ঐতিহ্যের ধারক এই গাছ কাটার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, আবার স্থানীয় অনেকে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের ভাষ্যমতে, কুমার নদীর পাড়ে অবস্থিত বটগাছটি ঘিরে দীর্ঘদিন ধরেই কিছু ‘অলৌকিক বিশ্বাস’ প্রচলিত ছিল। বহু মানুষ গাছটির নিচে মোমবাতি জ্বালিয়ে মানত করতেন বা ‘আচার’ পালন করতেন। এসব কর্মকাণ্ড ইসলামবিরোধী ও ‘বিদআত’ হিসেবে বিবেচনা করে স্থানীয় আলেমরা একজোট হয়ে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেন।

শিরখাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় আলেমরাই বটগাছটি কেটেছেন। তবে কারা নেতৃত্ব দিয়েছেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য পাইনি। অনেকেই মনে করছেন গাছটি কাটা ঠিক হয়নি, কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলছেন না।’

৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজম খান বলেন, ওই গাছের নিচে কিছু লোক নিয়মিত ‘আচার’ পালন করত। আলেমরা মনে করেন, ইসলামে এসব কর্মকাণ্ডের কোনো ভিত্তি নেই। তাই সবাই মিলে গাছটি কাটার উদ্যোগ নেন। এখানে কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন।

তিনি জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এই গাছ কাটার সময় উপস্থিত ছিলেন। তার এলাকার কাদের ব্যাপারী, দাদন হুজুর, কাবিল বেপারী, ইব্রাহিম হুজুর এবং স্থানীয় মসজিদের ইমামও এ ঘটনায় অংশ নেন।

গাছ কাটার সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মো. দাদন। তিনি বলেন, অনেকেই ওই বটগাছের নিচে ‘পূজা’ করত, যা আলেমরা মানতে পারেননি। তাই গাছটি কেটে ফেলা হয়েছে। প্রায় ২০০ জন মানুষ এই গাছ কাটার কাজে অংশ নেয়।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, বিষয়টি আমি গতকাল রাতে জেনেছি। কারা এতে জড়িত, তাদের ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে চাচ্ছি না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ