আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা ইনশাআল্লাহ সমাধান করা সম্ভব। খাল খনন করলে বন্যার সময় মানুষ, ঘরবাড়ি, গবাদিপশু ও ফসল রক্ষা পাবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বগুড়ার বাগবাড়ী নশিপুরে চৌকিদহ খালের পুনঃখনন কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমরা এখানে চৌকিদহ খাল খনন করেছি। এখানে যদি ৬০-৭০ বছরের বা তার বেশি বয়সী কোনো মুরব্বি থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে—আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এই খালটি খনন করেছিলেন। আমরা প্রায় এক কিলোমিটার খালটি খনন করেছি। এর ফলে বর্ষাকালে অতিবৃষ্টির সময় আশপাশের পানি এখানে জমা হবে। আবার শুকনো মৌসুমে যখন পানির অভাব হবে, তখন এই খালে পানি থাকলে কৃষকরা জমি চাষের জন্য পানি পাবেন। অর্থাৎ স্থানীয় মানুষ উপকৃত হবেন।”
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা এই খাল পুনঃখনন করি, পানি ফিরিয়ে আনি। খালের দুই পাশে গাছ লাগাই। আমরা দেখব, এই খালে মাছ চাষের ব্যবস্থা করা যায় কি না, যাতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হয়। মা-বোনেরাও পাশে সবজি চাষ করতে পারবেন।”
প্রধানমন্ত্রী বলেন, খাল-নদী ভরাট হয়ে যাওয়ায় মানুষ পানির কষ্টে আছে। বর্ষার সময় অতিরিক্ত পানি ধরে রাখা যাচ্ছে না। ফলে প্রয়োজনের সময় পানি পাওয়া যায় না। তাই খাল খনন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। দোয়া করবেন, আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, বিশেষ করে খাল খননের এই উদ্যোগ, তা যেন সফল হয়। এটা আমার নিজের বাড়ি, নিজের মানুষ। আমি আবার কয়েকদিনের মধ্যে আসব, ইনশাআল্লাহ।”
এর আগে প্রধানমন্ত্রী দুপুর ২টায় তাঁর জন্মস্থান বাগবাড়ীতে পৌঁছান। পরে দুপুর আড়াইটায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিকেল ৩টায় শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
বিকেল ৩টা ৪০ মিনিটে নশিপুরে চৌকিদহ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খালের দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।
খাল খনন কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে তিনি পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে বিকেল সাড়ে ৪টায় শহরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
পরে বিকেল ৫টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে