নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্স থেকে ২,০০০ ভরি সোনা লুট
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও হীরার গয়না লুট করেছে দুর্বৃত্তরা। দোকানটির মালিকের দাবি, সব মিলিয়ে প্রায় ২ হাজার ভরি অলংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক অমিত ঘোষের ভাষ্য অনুযায়ী, লুট হওয়া অলংকারের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ ভরি সোনা রয়েছে। এ ঘটনায় তিনি ধানমন্ডি থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে চুরির ঘটনায় মূল ভূমিকা রাখা সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক। তাকে গ্রেফতারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা অচেতন করার মতো কিছু মিশিয়ে এ চুরির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। ঘটনার পাঁচ দিন আগে দোকান কর্তৃপক্ষ একজন নতুন নিরাপত্তাকর্মী নিয়োগ দিলেও তার জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই কর্মীই চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে ধারণা করছে পুলিশ।
পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সহায়তা করতেও দেখা যায়। ভেতরে প্রবেশের পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে খাবার খেয়ে অচেতন হয়ে পড়া নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় পায় পুলিশ। তার ভাষ্য, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন। রিপনও কলা খান। এরপর দুজনই অচেতন হয়ে পড়েন। পরে কী ঘটেছে, তা আর মনে করতে পারেননি তিনি।
ঘটনাস্থল থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও থানা পুলিশ। ঘটনার পর শপিং মলটি ঘিরে রেখে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলামও জানিয়েছেন, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হলে একজন অচেতন হয়ে পড়েন। তবে বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি ঠেকানো সম্ভব হয়। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। এবার দোকানের প্রায় সব অলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে দাবি করেছেন তিনি।
মতামত দিন