Views Bangladesh Logo

ভারত থেকে আসছে ২০০ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা: রেলমন্ত্রী

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু রয়েছে। চলতি বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এই কোচগুলো আসতে শুরু করলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

মন্ত্রী জানান, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলছে। কোচ ও ইঞ্জিন প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন ট্রেন চালু করা হবে।

শেখ রবিউল আলম জানান, বর্তমানে দেশে মোট রেললাইনের দৈর্ঘ্য ৩,৪২৮.০৯ কিলোমিটার। বিভিন্ন প্রকল্পের আওতায় ব্রডগেজ ও ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও জানান, মোট ৩,৪২৮.০৯ কিলোমিটার রেললাইনের মধ্যে মিটারগেজ ১,৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১,০৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০.০৬ কিলোমিটার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ