বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ীর ২০০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব
বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে এক ব্যবসায়ীর প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুমন কুমার দাস বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার পর বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পুলিশ শাখা পরিদর্শন করে তদন্ত শুরু করে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন জানান, ব্যাংকের লকার খোলা এবং সেখানে থাকা মালামাল পর্যালোচনা করা হচ্ছে। বিকালে পুলিশ সুপার হাছান চৌধুরীও ব্যাংক পরিদর্শন করেন।
পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মনিরুল আমিন জানান, লকার খোলার জন্য দুটি চাবি প্রয়োজন—একটি গ্রাহকের কাছে এবং অন্যটি ব্যাংকের কাছে থাকে। অভিযোগকারীর চাবি তার কাছে ছিল।
সুমন কুমার দাস বলেন, “গত বছরের ১৫ অক্টোবর পরিবারের সদস্যদের স্বর্ণালঙ্কার একটি বাক্সে লকারে জমা দিয়েছিলাম। সম্প্রতি পারিবারিক অনুষ্ঠানের জন্য লকার খুলে দেখি সব স্বর্ণালঙ্কার উধাও।”
ঘটনার খবরে লকার ব্যবহারকারী অন্যান্য গ্রাহকরাও ব্যাংকে এসে তাদের লকার খোলেন; তারা বলেন, তাদের স্বর্ণালঙ্কার নিরাপদ আছে।
পুলিশ জানায়, লকারটি সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং তদন্ত শেষে জানা যাবে কীভাবে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে