কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ শিশু
ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু অবশেষে দেশে ফিরেছে। বুধবার (১৩ মে) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে রয়েছে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০২৪ সালের শুরুর দিকে ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে পাসপোর্ট ছাড়াই অবৈধপথে সীমান্ত পেরিয়ে বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায় তারা। সেখানে তাদের অভিভাবকরা বাড়িতে ও মাঠে কাজ করতেন। এরপর ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠালে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠায়। সাজা শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার আবেদনে তাদের কিশোলয়া ও সুরকন্যাসহ সাতটি শেল্টার হোমে রাখা হয়। পরে বিশেষ ট্রাভেল পারমিট ও এফআরআরও এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন জানান, শিশুদের ট্রাভেল পারমিটসহ সব কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, পরবর্তীতে যশোরের 'জাস্টিস অ্যান্ড কেয়ার', মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটসসহ তিনটি মানবাধিকার সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে, যারা শিশুদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে