‘দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে’ ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন ২০ শিক্ষার্থী!
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে গুরুতর ভুলের কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ২০ জন নিয়মিত পরীক্ষার্থী ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। একই সঙ্গে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীরা আবার ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলে কোনো সমস্যা হবে না।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষায় উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে কক্ষ থেকে বের হওয়ার পর শিক্ষার্থীরা বুঝতে পারেন যে তারা ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। পরে তারা ও তাদের অভিভাবকেরা কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাদের আশ্বস্ত করা হয়।
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি কক্ষে ২০২৬ সালের ২০ জন নিয়মিত পরীক্ষার্থী ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন।
তিনি জানান, দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে।
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদুল হক বলেন, তিন ঘণ্টার পরীক্ষার পুরো সময়েই পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকরা বিষয়টি বুঝতে পারেননি। পরে ভুল ধরা পড়লে সংশ্লিষ্ট ২০টি উত্তরপত্র আলাদা করে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে এবং বোর্ডের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট উত্তরপত্রগুলো পরীক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। ফলে শিক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা হবে না।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক অভিভাবককে ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। তবে কেন্দ্রের শিক্ষকরা তাকে আশ্বস্ত করেন যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না।
এ বছর গাইবান্ধা জেলায় সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৭ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। প্রথম দিনে ১৬ হাজার ৯৫৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ৫১৬ জন অনুপস্থিত ছিলেন।
মতামত দিন