Views Bangladesh Logo

এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন

চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এইচএসসির ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছে ৯ জন। অন্যদিকে, এসএসসির ফল প্রকাশের পর এ সংখ্যা ১১।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে আঁচল ফাউন্ডেশন। সংগঠনটির রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের সাদিয়া ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসির ফল প্রকাশের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন ছাত্রী এবং চারজন ছাত্র। তাঁদের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার পাঁচজন। এ ছাড়া লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, গাজীপুর ও বগুড়ায় একজন করে শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

আঁচল ফাউন্ডেশনের বিশ্লেষণে এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া, পরিবারের অতিরিক্ত প্রত্যাশা, সামাজিক চাপ ও হতাশার মতো বিষয় উঠে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় পর্যায়ের তথ্য পর্যালোচনা করে এ পরিসংখ্যান তৈরি করেছে সংগঠনটি।

সংগঠনটির মতে, পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর জীবনের সামগ্রিক সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করতে পারে না। তাই ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছে কিংবা প্রত্যাশিত ফল পায়নি, তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সাত দফা সুপারিশও তুলে ধরেছে আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা চালু, শিক্ষার্থীদের অপমান ও অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ, বিনা মূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করা এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা।

সংগঠনটি মনে করে, পরীক্ষার ফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি না করে তাদের পাশে দাঁড়ানো জরুরি। পরিবারের সদস্যদের সহমর্মিতা, যথাযথ মানসিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বাড়ানো গেলে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ