Views Bangladesh Logo

মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ প্রাথমিক শিক্ষক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনের কারণে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ জন সহকারী শিক্ষক প্রার্থীর মধ্যে ২০ জন অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। টানা দিনভর অনশনের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ প্রার্থীর চূড়ান্ত নিয়োগপত্র জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তা কেটে স্বস্তি ফিরলেও বাকি দুই প্রার্থীর নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এর আগে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য আসার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার এই ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরণ অনশন শুরু করেন তারা।

অনশনকারীদের একজন ফুলপুরের কাজী অনিক। নিয়োগপত্র পাওয়ার পর তিনি বলেন, মধ্যরাতে ওয়েবসাইটে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে আমরা খুশি। আজকেই যোগদান করব।

তবে নিয়োগপত্র পাননি গফরগাঁওয়ের জাহিদ হাসান। তিনি বলেন, দিনভর জানার চেষ্টা করেছি, কেন আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। আমি রাজনৈতিক কোনো পদ-পদবিতে ছিলাম না। তবুও নিয়োগপত্র কেন পেলাম না, তা জানি না।

এ ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বুধবার রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুইজনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন আজকেই(বৃহস্পতিবার) যোগদান করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ