বন্যপ্রাণী অভয়ারণ্যে ট্রেন চলাচলের গতি ২০ কিমি নির্ধারণ
দেশের বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে ট্রেন চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ গতি ঘণ্টাপ্রতি ২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকো-মাস্টার জামাল উদ্দিন, যিনি চুনতি অভয়ারণ্যে হাতির শাবকটিকে ধাক্কা দেন, তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পেরও আওতায় হাতিসহ বন্যপ্রাণী সংরক্ষণে কতিপয় ব্যবস্থা গ্রহণের পরও গত ১৩ অক্টোবর অনভিপ্রেত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় সব ট্রেন ২০ কিলোমিটার গতিতে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভয়ারণ্যে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা তদন্তের জন্য বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
গত ১৩ অক্টোবর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় হাতির একটি শাবক আহত হয়। পরে বাচ্চাটি ১৫ অক্টোবর দুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে