ঝিনাইদহে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার কাশীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসনুম খান জানান, তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফরিদপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অজ্ঞাত কারণে তারা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে ধলহারচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার ও মতিয়ার রহমান নামে দুই আওয়ামী লীগ কর্মীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
তারা আরও জানায়, কাশীনাথপুরের একটি সেতুর উপর স্থানীয় আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনাকালে দুইপক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি মাসনুম আরও জানান, এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে