নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মো. রানা (২২)। তারা দুজনই ফতুল্লায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে ওই ভবনের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। শুক্রবার দুপুরে সেন্টারিংয়ের কাঠ খুলতে প্রথমে দেলোয়ার ট্যাংকের ভেতরে নামেন। পরে তার কোনো সাড়া না পেয়ে রানা তাকে উদ্ধার করতে ভেতরে নামেন। এরপর ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুজনই অচেতন হয়ে পড়েন।
অন্যান্য শ্রমিকরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে