চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকার কালু সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী বলে জানা গেছে। তারা প্রায় ছয় মাস ধরে আনোয়ারায় এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছয়তলা ভবনে পলেস্তারের কাজ শুরু করেন ছয় শ্রমিক। এ সময় রেলিংয়ের কাছে কাজ করার সময় সিয়াম ও আনিস রেলিং ভেঙে নিচের মাচায় পড়ে যান। পরে সেই মাচাটিও ভেঙে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ওই ভবনের ঠিকাদার মোহাম্মদ ছৈয়দ নূরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স–এর চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, দুই শ্রমিকের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, হাসপাতাল থেকে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে