ঢাকায় ফিরেই মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাদের ভয় দেখায় এবং সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে, রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায়। পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন, পাশে রিকশাচালক। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। তার সঙ্গে আরেকজনকেও দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।
মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব জানান, ভুক্তভোগীদের তথ্য অনুসারে তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন এবং পরে রিকশায় বাসায় যান। বাসার সামনেই তারা ছিনতাইয়ের শিকার হন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা আমরা চালাচ্ছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে