এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, ৪ শিক্ষার্থী আটক
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার হলে উত্তরপত্র না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া কয়েকজন পরীক্ষার্থী। রোববার ঘটে যাওয়া এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চার এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার বেলা দেড়টার দিকে বারইয়ারহাট কলেজ কেন্দ্রে এসএসসির বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী হামলার শিকার দুই পরীক্ষার্থীকে উত্তরপত্র দেখানোর অনুরোধ করে। তারা রাজি না হওয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী তাদের ওপর ছুরিকাঘাত করে। আহত দুজনকে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত শাখাওয়াত হোসেন জিহানের শরীরে ১৯টি ও মুহাম্মদ মুনায়েমের শরীরে ৩২টি — মোট ৫১টি সেলাই দেওয়া হয়েছে। আটক চারজন করেরহাটের একটি বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল, আর হামলার শিকার দুই পরীক্ষার্থী বারইয়ারহাটের একটি বিদ্যালয়ের ছাত্র।
এ ঘটনায় আহত জিহানের বাবা মো. আলমগীর রোববার রাতে জোরারগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৭ জনসহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আটক চার কিশোরের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে