কক্সবাজারগামী ট্রেন দেখতে গিয়ে সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই ভাই-বোন। এ সময় তারা কক্সবাজারগামী ট্রেন দেখে বাড়ি ফিরছিল বলে জানান স্থানীয়রা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।
নিহত শিশুরা হলো- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। তারা সম্পর্কে ভাই-বোন। তবে আহত শিশুর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার। তিনি বলেন, আজ সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কিছু শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও দুই শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ সময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে