Views Bangladesh Logo

পদ্মার চরে ডাকাতদের এলোপাতাড়ি গুলি: গুলিবিদ্ধ ২, একজন নিখোঁজ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এক বন্দুক হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (১৮ মে) দিবাগত রাতে পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন কালিদাসখালী গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০) এবং নিচপলাশী গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেলেও এখন পর্যন্ত স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে একদল ডাকাত নৌকা বা ট্রলারযোগে চরাঞ্চলে আসে। এ সময় স্বপন নামের ওই ব্যক্তি ট্রলারের দিকে টর্চলাইটের আলো ফেললে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে স্বপন ও জিয়াউল দুজনেই গুলিবিদ্ধ হন।

আহত জিয়াউল পদ্মা নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে স্থানীয়দের চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক বেপারী দাবি করেন, দুটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল এসে এলাকায় নির্বিচারে গুলি ছুড়তে থাকে। গুলির শব্দে ঘরের বাইরে আসতেই সশস্ত্র ব্যক্তিরা তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বাড়ির সামনেই তার ছেলে স্বপনকে ধরে গুলি করে এবং ট্রলারে তুলে নিয়ে চলে যায়।

চক রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (কালিদাসখালি) সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, এখানে বালুরঘাট রয়েছে। বালুরঘাটকেকে কেন্দ্র করে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটে। গত রাতে আসলে কী ঘটেছিল সেটি এখনও ভালোভাবে জানা যায়নি। তবে স্বপন ও জিয়াউর নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। জিয়াউরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আরেকজনকে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘা থানা পুলিশ এবং সেখান থেকে তারা রক্তের আলামত সংগ্রহ করেছে। এই ঘটনার পর থেকে পুরো চরাঞ্চলে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ