Views Bangladesh Logo

বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

গুড়ার কালীতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিতে গেলে কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা চিকিৎসাধীন।

পুলিশ জানায়, রাতে কালীতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসআই ও এএসআই। সেখান থেকে দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা আরও কিছু কিশোরকে সঙ্গে নিয়ে মব তৈরি করে এবং পুলিশ কর্মকর্তাদের ওপর কিল-ঘুসি ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে।

এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের বন্ধুরা পুলিশের হেফাজত থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে।’

তিনি আরও জানান, ‘হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আহত দুই পুলিশ কর্মকর্তা শঙ্কামুক্ত।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ