মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ কমপক্ষে ছয় জন।
নিহতরা হলেন- শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দুর্লভপুর নামকস্থানে ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহর থেকে শেরপুর অভিমুখে ছেড়ে যাওয়া লোকাল বাস দুর্লভপুর নামক স্থানে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত ও ছয় জন আহত হন।"
আহতদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে