ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৩০ জন।
সোমবার (১৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের একজন চট্টগ্রাম বিভাগ এবং অন্যজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
এদিন দেশের বিভিন্ন বিভাগে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রামে ৫৪ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনায় ২৭ জন, রাজশাহীতে ৩৮ জন, ময়মনসিংহে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫ হাজার ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন ৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে