ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।
নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৫৫০ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭১২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩২০ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১, খুলনায় ৯৮, চট্টগ্রামে ৮৩, রাজশাহীতে ৬৩ এবং ময়মনসিংহে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় একজনের। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত দিন