হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৮৪
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ৮৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে হামের লক্ষণ নিয়ে আর কেউ মারা যাননি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ দুজনের মৃত্যুর পর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২২৭ জন।
বিভাগওয়ারি হিসাবে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং ৭০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ১ হাজার ১৫১ জন হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৮৪৮ জন ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১১ জন রংপুরে ভর্তি হয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৩১ জনে। এদের মধ্যে ৫ হাজার ২৮ জনের হাম নিশ্চিত হয়েছে।
এদিকে গত ২০ এপ্রিল থেকে সারা দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে দেশের আট বিভাগে এ পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৯০৬ জন এবং ১২টি সিটি করপোরেশনে ১৪ লাখ ৯৫ হাজার ৮০৩ জন শিশু টিকা পেয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে