সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসীরা। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে।
সিরাজগঞ্জ নদী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রোববার বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুজন যমুনা নদী দিয়ে নৌকায় করে চুরি করা গরু পরিবহন করছিলেন। সে সময় স্থানীয় গ্রামবাসীরা গরুসহ হাতেনাতে তাদের ধরে ফেলে এবং ক্ষুব্ধ হয়ে প্রচণ্ড মারধর করে।
তিনি আরও জানান, পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, গরুগুলো সম্ভবত বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি করা হয়েছিল এবং নৌকাযোগে নদীপথে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার সময় সন্দেহভাজনদের ধরে ফেলায় গ্রামবাসীরা তাদের ওপর হামলা করে। পুলিশ এ ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে