Views Bangladesh Logo

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন তিনজনকে পিটিয়েছে স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত শিশু আতিকা (৮) বনপারিল এলাকার সৌদি আরব প্রবাসী দুদুল মিয়ার মেয়ে এবং স্থানীয় বনপারিল দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, গণপিটুনিতে নিহতরা হলেন— পান্নু মিয়া ও তার ভাই ফজলু। আহত নাজমুলকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকা নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধানে প্রচার চালানো হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, শিশুটির শরীরে থাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে একই পরিবারের তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি আরও জানান,  ‘এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ