Views Bangladesh Logo

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার পাটধারী গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে ও পিকআপের যাত্রী ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) এবং বগুড়া সদর এলাকার রেজোয়ান হোসেন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আজ ভোর সাড়ে ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন রেজোয়ান হোসেন। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর সাদ্দামের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতায় সকাল সাড়ে ৬টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ