ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের পদ্মা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। তারা হলেন ফরিদপুরের সালথা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মাসুদ বিশ্বাস (৫৫) এবং ফিরোজা বেগম (২৬)। মাসুদ বিশ্বাস ধোলা বিশ্বাসের ছেলে এবং ফিরোজা বেগম মামুন বিশ্বাসের স্ত্রী। দু’জনই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খানসন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-১৭০৪) এক্সপ্রেসওয়ের ঢাকা-মুখী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮১৭৫) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছন থেকে পূর্ববাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৩২০) এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়, ফলে সেটি দুই বড় যানবাহনের মাঝে চেপে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম। আহত হন আরও দুই যাত্রী, যাদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'ঘটনার পর নিহতদের মরদেহ ও তিনটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে