Views Bangladesh Logo

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৯

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের বাবলাতল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘শাহ ফরিদপুর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

নিহতরা হলেন—জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং আলমগীর শেখ (৫০)। তারা দুজনই ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার বাসিন্দা এবং ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সংঘর্ষে উভয় যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক যাত্রী আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহত ২৯ জনের মধ্যে ২৮ জন বাসযাত্রী এবং একজন পিকআপ চালক। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ