কক্সবাজারে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও এস আলম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)। এ ঘটনায় আহতরা হলেন—পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২), পাখি বেগম (৫৫) ও রামিম (১০)। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।’

মতামত দিন