মুন্সীগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২, গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বুধবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন।
আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহতরা হলেন স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে নিহত দুজন জড়িত বলে সন্দেহ করছিলেন এলাকাবাসী।
ঘটনার পর অভিযুক্ত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “আমরা ঘটনাটি তদন্ত শুরু করেছি। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে