কামরাঙ্গীরচরে চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত ২
রাজধানীর কামরাঙ্গীরচরে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
গণপিটুনিতে নিহতরা হলেন-নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। এতে আহত হন সোহাগ (২৮)। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন।
অন্যদিকে ছুরিকাঘাতে আহতরা হলেন-রিকশাচালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেত মনির হোসেন (৩৫)।
এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আহত মনির হোসেন জানান, তিনি সিলেটি বাজারের বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তার তিনটি রিকশা রয়েছে। তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে কয়েকজন চা-দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে তারা আবার হামলা করেন। এতে তারা দুজন আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাদের নামে মামলা করে এক ভুক্তভোগী। ধারণা করা হচ্ছে, মামলার জেরে কয়েকজন মামলার বাদীসহ দুইজনকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেন। এতে মাসুদ নামের একজন ঘটনাস্থলে মারা যান। সোহাগ ও নাদিম নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নাদিম সেখানে মারা যান। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন।
এ প্রসঙ্গে কামরাঙ্গীরচর থানার এসআই আমানুল্লাহ আমান জানান, তাদের মরদেহ ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে