Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার ‘গ্রিন লিফ’ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা আবুল কালাম (২১) পেশায় রঙমিস্ত্রি। তিনি পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। অপরজনের নাম মো. রুবেল। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে ৩ জন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, বিস্ফোরণে মাথার খুলি উড়ে গিয়ে একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে আছে। আহতদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকায় ও অন্য দুজনকে নোয়াখালী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, বাসটির সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল। এজন্য বিস্ফোরণ ঘটেছে।

ওসি আব্দুল মোন্নাফ আরও বলেন, একই ফিলিং স্টেশনে (গ্রিন লিফ) এর আগেও গ্যাস রিফিলের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মামলা এখনো চলমান।

জানা গেছে, গত ১৪ অক্টোবর ওই দুর্ঘটনাটি ঘটে। সে সময় বিস্ফোরণে তিনজন নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ