কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি শিশু ও বাসচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী।
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসচালক মোহাম্মদ আলী (২৫)। তিনি উখিয়া উপজেলার মরিচ্ছা ২ নম্বর ওয়ার্ডের পাগলিরবীল এলাকার নুরুল ইসলামের ছেলে। অপরজন বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ৮ মাস বয়সী শিশুপুত্র মোহাম্মদ ইয়াহি। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ও মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেলে মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার অভিমুখী চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা এভারগ্রিন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়েমুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। আহত যাত্রীদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, মেধাকচ্ছপিয়া এলাকার দুর্ঘটনায় একটি শিশু ও বাসচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে