Views Bangladesh Logo

চট্টগ্রামে মাটি চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত এবং আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বন্দর নগরীর আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাঁদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। এছাড়া আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘ভোররাত ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন শ্রমিক মাটি চাপা পড়েন। ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। আগ্রাবাদ অ্যাকসেস রোডের ওই অংশে ট্রায়াল পিট করার কাজ চলছিল। এরই অংশ হিসেবে গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হন। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।’

তিনি আরও বলেন, “খবর পেয়ে নিহত দুই শ্রমিকের পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ