চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে দাদি–নাতনির মৃত্যু
কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলার উত্তর পাড়া এলাকার জোসনা বেগম (৬০) এবং তাঁর ১৫ বছর বয়সী নাতনি চাঁদনী আক্তার।
পরিবার ও রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, জোসনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসা শেষে নাতনিকে সঙ্গে নিয়ে শাসনগাছা বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা স্টেশনে নিয়ে যায়। পরে সিআইডির ফরেনসিক টিম পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেয়।
কুমিল্লা স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মতামত দিন