Views Bangladesh Logo

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিন যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল মিয়া (৩০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল ইসলাম (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (৩০)। তিনিও একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আতিকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা তিনজন কুমিল্লা থেকে নীলফামারীর জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে (ঢাকা মেট্রো-ব ১২-৩৯৯০) উঠেছিলেন। বাসভাড়া নিয়ে মুকুল ও শাকিলের সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করে। এর জেরে সুপারভাইজার ও হেলপার তাদের তিনজনকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন বলে অভিযোগ করেন আতিকুল।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। আহত আতিকুলকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি বলেন, আমরা বাসটি জব্দ করেছি। তবে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ