গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ খোলাপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান রিপন (৪৫) ও একই এলাকার সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান চঞ্চল (৩৮)।
রিপন ঝুট ব্যবসা করতেন। আর চঞ্চল একটি হাসপাতালের দেখাশোনার দায়িত্বে ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে রিপন ও চঞ্চল কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় যাচ্ছিলেন। পথে আমবাগ খোলাপাড়া এলাকা হয়ে ঢাকা-রাজশাহী রেলক্রসিং অতিক্রম করছিলেন তারা। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান।
এসআই নাদির উজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে