টেকনাফে পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৪
কক্সবাজারের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহ এবং চাঁপাইনবাবগঞ্জের সজীব নামের এক যুবক। এনায়েত উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের পরে চাকমারকুলে সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর চারজন হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল এলাকার আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), রামুর নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম।
এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো তাঁর হাতে পৌঁছায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মতামত দিন