ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাটুরিয়া গ্রামের মঞ্জু মিয়া (৪০) এবং যশরা গ্রামের আলাল উদ্দিন (৫০)।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও থেকে ভালুকাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা হাটুরিয়া কাজিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর ছয় যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঞ্জু মিয়া ও আলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বাচ্চু মিয়া বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে