Views Bangladesh Logo

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে এবং বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) এবং সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (নুশু)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে নদীর ধারে বসেছিলেন আরোজ আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে রওশন আলীসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান এবং কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ