দিনাজপুরে মুখোমুখি বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে