Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২২) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার দুধপাতিলা রেলগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজ আহমেদ (১৮) ও সদর উপজেলার মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)। তারা দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

আহত আব্দুল কাদেরের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তিন যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইল এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাষা ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দর্শনার দুধপাতিলা রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা মেইল’ ট্রেনটি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সুমন ও রাজ মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরীনা ইসলাম জানান, আহত কাদেরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর/পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ