Views Bangladesh Logo

চাঁদা না পেয়ে খুলনার দুই ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে গুলি

খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় চাঁদা না পেয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে গুলি চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠ মিল ও পাশের একটি চানাচুর কারখানাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী হঠাৎ বাজারের তুষকাঠ মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় মিলের লোকজন ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

একই সময়ে ওই বাজারের পাশের শামসুর রহমানের চানাচুর কারখানাতেও গুলি চালানো হয়। দীর্ঘদিন ধরে কারখানার মালিকের কাছেও চাঁদা দাবি করা হচ্ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শুক্রবার ভোরে কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ