বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৬
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন। এ ঘটনায় ছুরিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এর আগে রোববার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় হামলার শিকার হন তারা।
আহত সাংবাদিকরা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও বগুড়া লাইভ নামে অনলাইন নিউজ পোর্টালের নিজস্ব প্রতিবেদক আসাফুদৌলা নিওন। এদের মধ্যে চোখে গুরুতর আঘাত পেয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিওন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার রাকিবুল ইসলাম রাকিব (২২), হাবিবুর রহমান রকি (২৫), তারিকুল ইসলাম (২২), জিসান খান (২১), জিহাদ (২০) ও বগুড়া সদরের মালতিনগর এলাকার টুটুল (২০)। তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত সাংবাদিকরা জানান, জলেশ্বরীতলা এলাকায় ১২ থেকে ১৫ জন একদল যুবক বিনা উস্কানিতে তাদের ওপর হামলা চালায়। প্রথমে তারা নিওনের ওপর চড়াও হয়। ওই সময় খোরশেদ আলম এগিয়ে গিয়ে এসবের কারণ জানতে চান। তখন খোরশেদকে মারধর করেন হামলাকারীরা। সেইসঙ্গে নিওনকেও মারধর করা হয়। এক পর্যায়ে তাদের (হামলাকারী) মধ্যে কেউ কেউ ধারালো অস্ত্র বের করতে চাইলে অন্যরা নিষেধ করেন। পরবর্তীতে তারা কিল-ঘুষি ও লাথি মারেন।
এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধ শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সেইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ছয়জনই চিহ্নিত অপরাধী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে