Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১ বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি হাতবোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আরও ১১টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

আহতরা হলেন সুমেল ও আব্দুল হামিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার গৌতম কুমার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় ওদুদ মুহুরী ও জালাল মেম্বারের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে ভোর সাড়ে ৫টার দিকে শেখপাড়ার একটি আমবাগানে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

এর প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়ায় নবাব আলীর আমবাগানে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে সুমেল ও আব্দুল হামিদ আহত হন।

পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে। বিস্ফোরণে ছড়িয়ে পড়া বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ