পাপনের পিএসসহ গ্রেপ্তার ২
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী, বিসিবির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হোসেন পাপনের পিএসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-পাপনের পিএস সাখাওয়াত মোল্লা (৫২) ও আ. হেকিম রায়হান (৫২)। শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র্যাব-১৪ ও র্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে বেশ কিছু লোক আহত হয়। এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) এবং আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।
কর্নেল মুনীম ফেরদৌস আরও বলেন, মামলা রুজু হওয়ার পরে গ্রেপ্তার এড়াতে পলাতক থাকে আসামিরা। তাদের গ্রেপ্তার করতে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং এ ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে দ্রুত কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে