Views Bangladesh Logo

ড. ইউনূসের পদত্যাগের গুজবে নোয়াখালীতে মিছিল, আটক ২

 VB  Desk

ভিবি ডেস্ক

ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজবে নোয়াখালীর চাটখিলে মিছিল বের করার ঘটনায় দুই যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) এবং একই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শোনার পর শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার এলাকায় যুবলীগের একটি দল মিছিল বের করে, যা এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটকদের মধ্যে রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘২৫-৩০ জন আওয়ামী লীগ কর্মীর মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে। তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ